শিবসাগর, ২৯ নভেম্বর: গত ১৯ জুলাইয়ের বিধ্বংসী বন্যায় সর্বস্বান্ত মানুষ এখনও সরকারি সাহায্য থেকে বঞ্চিত বলে অভিযোগ তুলেছে রাইজর দল। বন্যা বিপর্যয়ের চার মাস পেরিয়ে গেলেও সরকার কেন ক্ষতিগ্রস্তদের বন্যাত্রাণ দিতে পারেনি, সেই প্রশ্নও তুলেছে দলটি।

মুখ্যমন্ত্রী পুজোর সময়ের মধ্যেই বন্যাত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি রাইজর দলের। তা সত্ত্বেও এখনও ক্ষতিগ্রস্তেরা কেন সাহায্য পাননি, সেই প্রশ্ন তুলেছে তারা। দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী এক সময়ে এক কথা এবং অন্য সময়ে অন্য কথা বলেন।

রাইজর দলের অভিযোগ, গুয়াহাটিতে কোটি কোটি টাকা খরচ করে বড় বড় কনসার্টের আয়োজন করা হলেও বন্যাদুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে অর্থ নেই। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কোথায় খরচ হয়েছে, তা-ও জানতে চেয়েছে দলটি।

প্রকৃত বন্যাক্রান্তদের ক্ষতিপূরণের দাবিতে রাইজর দল একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। দলের দাবি, জেলা প্রশাসন দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও এখনও কোনও বন্যাক্রান্ত ক্ষতিপূরণ পাননি।

রাইজর দলের আরও অভিযোগ, বন্যাক্রান্তদের বদলে শাসকদলের কয়েক জন নেতার নাম ক্ষতিপূরণের তালিকায় ঢুকেছে।

ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা প্রশাসনকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাইজর দল। ওই সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে জেলাশাসকের দফতর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।