নতুন দিল্লি, ২৭ নভেম্বর: মাত্র ১৬ বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কাজ করে আন্তর্জাতিক মহলে নজর কেড়েছেন কেরলের কিশোর রাউল জন অজু। মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

পুতিনের সঙ্গে তোলা একটি ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন রাউল। পোস্টে তিনি লিখেছেন, ৯ বছর বয়সে বাথরুমে নিজের প্রথম ভিডিও তৈরি করা থেকে ১৬ বছর বয়সে পুতিনের সঙ্গে ছবি তোলা—এই যাত্রা তাঁর কল্পনারও বাইরে ছিল।

সম্মেলনে এআই গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি।

ছোট থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী রাউলের পথচলা শুরু হয়েছিল ভিডিও সম্পাদনার মাধ্যমে। পরে তাঁর আগ্রহ রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে এগোয়। ১২ বছর বয়সেই তিনি তাঁর প্রথম রোবট তৈরি করেন।

এর পরে ১০টির বেশি এআই-ভিত্তিক সরঞ্জাম তৈরি করে ‘এআই রিয়ালম টেকনোলজিস’ নামে নিজের উদ্যোগ শুরু করেছেন রাউল। স্কুলের বিজ্ঞান প্রদর্শনীর জন্য তিনি ‘মিবট’ নামে একটি প্রকল্পও তৈরি করেছিলেন।

তাঁর উদ্যোগের অন্যতম লক্ষ্য, ডেবিট বা ক্রেডিট কার্ড নেই এমন মানুষদের কাছেও কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল অর্থপ্রদানের সুবিধা সহজে পৌঁছে দেওয়া। কেরল ও দুবাইয়ের সরকার জনপরিষেবায় এআই ব্যবহারের বিষয়ে তাঁর পরামর্শ চেয়েছে বলেও জানা গিয়েছে।

ভিডিও সম্পাদনা, রোবোটিক্স, এআই উন্নয়ন এবং উদ্যোগ পরিচালনার অভিজ্ঞতা থাকলেও রাউল তাঁর এই পথচলাকে এখনও শেখার দীর্ঘ প্রক্রিয়া হিসেবেই দেখেন।