নয়াদিল্লি, ২৯ নভেম্বর: ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যেই ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। ২০২৭ সালের জনগণনার সম্পূর্ণ তথ্য প্রকাশের জন্য অপেক্ষা না করার প্রস্তাব সামনে এসেছে।
দুই দশকেরও বেশি আগে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে অবশ্য উল্টো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০০২ সালে গঠিত সীমানা পুনর্বিন্যাস কমিশন প্রথমে ১৯৯১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে কাজ শুরু করলেও পরে সরকার ২০০১ সালের জনগণনার তথ্য প্রকাশের অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়।
২০০১ সালের অগস্টে তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী অরুণ জেটলি সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন। ২০২৬ সালের পরে হওয়া প্রথম জনগণনার তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বণ্টনের স্থগিতাদেশ বহাল রাখাই ছিল তার উদ্দেশ্য। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখা রাজ্যগুলি যাতে সংসদীয় প্রতিনিধিত্বে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই ১৯৭৬ সালে প্রথম এই স্থগিতাদেশ জারি হয়েছিল।
একই সঙ্গে একটি রাজ্যের ভিতরে বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যার বড় ফারাক দূর করতেও সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৮ সালের নির্বাচনে দিল্লির আউটার দিল্লি কেন্দ্রে ভোটার ছিলেন ২৯.৩ লক্ষ, অন্য দিকে চাঁদনি চক কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩.৭ লক্ষ। কেন্দ্রগুলির সীমানা বদল এবং তফসিলি জাতি ও জনজাতির সংরক্ষিত আসন পুনর্বিন্যাসের প্রস্তাবও নেওয়া হয়েছিল।
২০০১ সালের ৮৪তম সংবিধান সংশোধনী আইনের পরে ২০০২ সালে সীমানা পুনর্বিন্যাস আইন প্রণয়ন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুলদীপ সিংহের নেতৃত্বে কমিশন গঠিত হয়। কিন্তু ১৯৯১ সালের তথ্য পুরনো হয়ে গিয়েছে বলে কমিশন আপত্তি তোলে। আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের একাংশও নতুন জনগণনার তথ্য ব্যবহারের পক্ষে মত দেন।
২০০৩ সালের ১৩ মার্চ সর্বদল বৈঠকে একাধিক দল ২০০১ সালের জনগণনার তথ্য ব্যবহারের পক্ষে সওয়াল করে। ওই বছরের ৬ মে লোকসভায় নতুন সংশোধনী বিল পেশ করে জেটলি বলেছিলেন, সীমানা পুনর্বিন্যাসের ফল আড়াই থেকে তিন দশক কার্যকর থাকবে। তাই সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্য ব্যবহার করা জরুরি। সংসদের অনুমোদনের পরে ২২ জুন রাষ্ট্রপতির সম্মতি পেয়ে সেটি ৮৭তম সংবিধান সংশোধনী আইন হয়।
নতুন তথ্য ব্যবহারের সিদ্ধান্তে প্রক্রিয়া পিছিয়ে যায়। ২০০৪ সালের ১৬ জুলাই সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, ২০০৩ সালের জুন পর্যন্ত কমিশনের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছিল। ১৯৯১ সালের তথ্য ব্যবহার করলে ২০০৩ সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা সম্ভব ছিল। কিন্তু ২০০১ সালের জনগণনার তফসিলি জাতি ও জনজাতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রকাশিত হয় ২০০৩ সালের ৩১ ডিসেম্বর। পরে ২০০৪ সালের মার্চে লোকসভা ভেঙে যাওয়ায় আরও দেরি হয়। শেষ পর্যন্ত ২০০৮ সালে দেশের অধিকাংশ অংশে নতুন কেন্দ্রসীমা কার্যকর হয় এবং ২০০৪ সালের লোকসভা নির্বাচন পুরনো কেন্দ্রসীমাতেই হয়েছিল।
বর্তমান প্রস্তাব কার্যকর হলে নতুন কেন্দ্রসীমার মানচিত্র তৈরিতে ব্যবহৃত ২০১১ সালের তথ্য ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় প্রায় ১৮ বছর পুরনো হবে। সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব, ভোটার অনুপাত, তফসিলি জাতি-জনজাতির সংরক্ষিত আসন এবং সংসদীয় ভারসাম্যের প্রশ্ন জড়িয়ে রয়েছে।