চেন্নাই, ২৯ নভেম্বর: সমষ্টি পুনর্নির্ধারণ বিলের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন দলের প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
তবে ন্যায্য সমষ্টি পুনর্নির্ধারণের দাবিতে দল অনড় থাকবে বলেও স্পষ্ট করেছেন তিনি।
রবিবার চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রবীণ নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে-সহ ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতা। প্রায় ৭০ মিনিটের ওই বৈঠকে সমষ্টি পুনর্নির্ধারণ বিল নিয়ে ডিএমকের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করা হয়েছিল। বৈঠকে তিন জন মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে স্ট্যালিন বলেন, সমষ্টি পুনর্নির্ধারণ নিয়ে দলের দাবি ও আন্দোলনের কথা বিরোধী নেতাদের জানানো হয়েছে। তাঁরা ডিএমকের বক্তব্য বুঝতে পেরেছেন বলেও জানান তিনি। আলোচনায় আরও কয়েকটি বিষয় উঠে এসেছে বলেও জানান স্ট্যালিন।
স্ট্যালিনের আশঙ্কা, সংসদে বিলটি পরাজিত হলে তামিলনাড়ুর প্রাপ্য আসনের অংশ কমে যেতে পারে। ২০২৭ সালে সমষ্টি পুনর্নির্ধারণের সময়ে বিভিন্ন রাজ্যের আসনের অংশ কমার সম্ভাবনা থাকলেও সেই প্রক্রিয়া ঠেকানো কঠিন হতে পারে বলেও তিনি মনে করেন।
আগামী ২৫ বছর তামিলনাড়ুর অধিকার এবং লোকসভায় রাজ্যের প্রতিনিধিত্বের অংশ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্ট্যালিন। ডিএমকের এই অবস্থান সমষ্টি পুনর্নির্ধারণের প্রশ্নে ইন্ডিয়া জোটের অন্দরের মতপার্থক্যকে ফের সামনে আনল।