গুয়াহাটি, ১৮ নভেম্বর: অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জুবিনের সঙ্গীত, কণ্ঠ, হৃদয়স্পর্শী সৃষ্টি ও ব্যক্তিত্ব যে লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে ছিল, সে কথাও স্মরণ করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, জুবিনের অনন্য সঙ্গীত, কণ্ঠ, হৃদয়স্পর্শী সৃষ্টি ও ব্যক্তিত্ব তাঁকে লক্ষ লক্ষ পরিবারের আপনজন করে তুলেছিল।

জুবিন আজও আমাদের মধ্যেই আছেন এবং সকলের হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, জুবিনের প্রতি অসমের মানুষের আন্তরিক ভালবাসা, স্নেহ ও আবেগ রাজ্যের প্রতিটি প্রান্তে এবং প্রতিটি প্রজন্মের হৃদয়ে চিরকাল প্রতিধ্বনিত হয়ে থাকবে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শিল্পীর স্মৃতিতে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।

জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুরাগী, গুণমুগ্ধ ও সাধারণ মানুষ তাঁকে স্মরণ করছেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শিল্পীর মৃত্যু হলেও, তাঁর গান ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করে চলেছে।