ডিগবৈ, ১৮ নভেম্বর: ডিগবৈ বিধানসভা কেন্দ্রের নাগরিক সমাজের উদ্যোগে লুইত শিল্পী সমাজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘প্রবুদ্ধ নাগরিক সভা’।
সভায় তিনসুকিয়া কেন্দ্রের বিধায়ক পুলক গোহাঁই বলেন, স্বাধীনতার পরে ভারতবর্ষকে অগ্রণী দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে বিদেশি শক্তির প্ররোচনায় বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের কাজ, নীতি ও নিয়মের বিরুদ্ধে তথ্যপ্রমাণ ছাড়া আক্রমণ চালাচ্ছে। তিনি এই ধরনের আক্রমণের নিন্দা করেন।
ডিগবৈয়ের বিধায়ক সুরেন ফুকনও বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। বিরোধীদের তোলা তথ্যপ্রমাণহীন ও মনগড়া অভিযোগকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান।
সভায় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক গোপালচন্দ্র দাস, বিশিষ্ট আইনজীবী কমলেশ চক্রবর্তী এবং গোর্খা ছাত্র সঙ্ঘের অশোক কুমার লামা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন নারায়ণ জৈশী, ত্রিলোক গুপ্ত-সহ বহু গণ্যমান্য ব্যক্তি।