শিবসাগর, ১৮ নভেম্বর: অবৈধ বালি, পাথর ও কয়লা খননের প্রতিবাদে দিখৌ নদীর বুকে কোমরসমান জলে নেমে ‘জল সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করল অসম যুব ছাত্র সম্মিলনী এবং সদৌ অসম অনুসূচিত জাতি ছাত্র সংঘ।

দুই সংগঠনের অভিযোগ, দিখৌ নদীর আশপাশে এবং প্রতিবেশী নাগাল্যান্ডে অবাধে চলা বেআইনি বালি, পাথর ও কয়লা খননের জেরে শিবসাগর, চরাইদেউ-সহ বিভিন্ন এলাকায় বন্যা ও নদীভাঙনের সমস্যা ভয়াবহ হয়ে উঠেছে।

প্রতিবাদীদের দাবি, দিখৌ নদীকে সুরক্ষা দিলেই নদীপাড়ে বসবাসকারী লক্ষাধিক মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা সম্ভব। নদী ও সীমান্তবর্তী এলাকায় বেআইনি খনন বন্ধে অসম সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

নদীভাঙন ও দূষণ রুখতে বিশেষ ব্যবস্থা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের দাবিও তুলেছে সংগঠন দু’টি।

এর আগে এই দাবিগুলি নিয়ে জনতা ভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি নিয়েছিল সংগঠন দু’টি। সে সময় গুয়াহাটিতে তাদের নেতাদের আটক করেছিল পুলিশ।

বেআইনি খননের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন দু’টির নেতারা।