গুয়াহাটি/কোকরাঝাড়, ১৮ নভেম্বর: শিল্পী জুবিন গর্গের ৫৪তম জন্মদিনে জুবিন ক্ষেত্রের প্রথম পর্যায়ের নির্মাণকাজ অনুমোদন দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, জুবিন ক্ষেত্রের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম জুবিনকে অনুভব করবে এবং তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত হবে।

“আজ আমাদের সকলের প্রাণের আপন জুবিনের জন্মদিনে জুবিন ক্ষেত্রের প্রথম পর্যায়ের কাজের অনুমোদন দিলাম। প্রজন্মের পর প্রজন্ম জুবিন ক্ষেত্রের মাধ্যমে জুবিনকে অনুভব করবে, তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত হবে এবং সেই সৃষ্টির সুবাস বুকে নিয়ে এগিয়ে যাবে।”

অন্য দিকে, কোকরাঝাড়ের চান্দমারিতে অবস্থিত জুবিন পার্কে জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে বিটিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারী জুবিন গর্গের আদর্শ ও চিন্তাভাবনা সংরক্ষণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন।

হাগ্রামা জানান, প্রথম পর্যায়ের কাজের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী প্রজন্মের কাছে জুবিন গর্গের চিন্তাভাবনা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।