কোকরাঝাড়, ১৭ নভেম্বর: নাবালিকাকে যৌন নির্যাতনের পৃথক দুই মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোকরাঝাড়ের বিশেষ আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা বিচারক নুরজামাল হকের আদালত এই রায় ঘোষণা করে।

দণ্ডিত দু’জন হলেন ৪৫ বছরের খগেন মুসাহারি এবং ৬১ বছরের আইনাল শেখ। খগেনের বাড়ি গোসাঁইগাঁও মহকুমার সরাবিল বালাপাড়ায়। আইনাল একই মহকুমার ভোদিয়াগুরির বাসিন্দা। দুই মামলাই গোসাঁইগাঁও থানায় নথিভুক্ত হয়েছিল।

আদালতে জমা পড়া মামলার বিবরণ অনুযায়ী, ২০২৬ সালের ১৪ এপ্রিল বাড়ির কাছে খেলতে থাকা পাঁচ বছরের এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন খগেন। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে গোসাঁইগাঁও থানায় পকসো আইনে মামলা দায়ের হয়।

অন্য মামলায়, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর ঠাকুমার বাড়িতে যাওয়ার পথে ১৬ বছরের এক কিশোরীর পথ আটকানোর অভিযোগ ওঠে আইনালের বিরুদ্ধে। অভিযোগ, তিনি কিশোরীকে কাছের একটি সেগুন বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন।

দুই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরে আদালত দু’জনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে।