শিবসাগর, ১৮ নভেম্বর: শিবসাগর শহরের বাবুপট্টির ভিজন মার্কেট ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পরিস্মিতা দত্ত। তিনি জাঁজী আমগুড়ির বাসিন্দা এবং শিবসাগর বাণিজ্য মহাবিদ্যালয়ের বি কম তৃতীয় সিমেস্টারের ছাত্রী ছিলেন।

জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ১২টা পর্যন্ত পরিস্মিতার ঘরের দরজা বন্ধ থাকায় ছাত্রীনিবাসের অন্য আবাসিকদের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঘরে ঢুকে তাঁরা পরিস্মিতার নিথর দেহ দেখতে পান।

খবর পেয়ে দণ্ডাধীশ এবং শিবসাগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘর থেকে উদ্ধার হওয়া একটি নোট এবং পরিস্মিতার মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, কোনও অজ্ঞাতপরিচয় যুবক দীর্ঘ দিন ধরে পরিস্মিতাকে মানসিক ভাবে হেনস্থা ও ব্ল্যাকমেল করছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। উদ্ধার হওয়া নোটে কী লেখা রয়েছে, তা নিয়েও পুলিশ আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

প্রায় এক বছর ধরে ওই ছাত্রীনিবাসেই থাকতেন পরিস্মিতা। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।