তেজপুর, ১৯ নভেম্বর: প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে তেজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশন ঘিরে বিতর্ক তৈরি হল। গানের মূল সুর ও পরিবেশনশৈলীতে বদল আনা হয়েছে বলে অভিযোগ তুলে আপত্তি জানান উপস্থিত দর্শকদের একাংশ।

১৮ নভেম্বরের ওই অনুষ্ঠানে জুবিন গর্গের কালজয়ী গান ‘মায়াবিনী’ গেয়েছিলেন তরুণ শিল্পী সমর বরা। তাঁর পরিবেশনা মূল গানের সুর ও শৈলী থেকে সরে গিয়েছে বলে মনে করেন দর্শকদের একাংশ। অনুষ্ঠানস্থলেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ পায়।

পরিস্থিতি দেখে আয়োজক মঞ্চ থেকেই সমরকে সতর্ক করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। পরে উপস্থিত দর্শকদের সামনে ক্ষমা চান সমর। তবে তাঁর ক্ষমাপ্রার্থনার পরেও উপস্থিত একাংশের অসন্তোষ পুরোপুরি কাটেনি বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ফের উঠে এসেছে জুবিন গর্গের সঙ্গীতের সঙ্গে অসমের মানুষের গভীর আবেগের সম্পর্কের কথা। ‘মায়াবিনী’-সহ তাঁর একাধিক গান সঙ্গীতপ্রেমীদের কাছে বিশেষ আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে তাঁর গানের মূল সুর বা পরিবেশনশৈলীতে পরিবর্তন নিয়ে প্রায়ই প্রতিক্রিয়া দেখা যায়।

এর আগেও জুবিন গর্গের গান পরিবেশনকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। চলতি বছরের গোড়ায় বাংলা সঙ্গীতশিল্পী মর্মিতা মিত্র জুবিন গর্গের একটি গান পরিবেশন করায় সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ঘটনার পরে কয়েকটি বিহু উদ্‌যাপন কমিটি তাঁর নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছিল।