দক্ষিণ কামরূপের অসম-মেঘালয় সীমান্ত সংলগ্ন ঐতিহাসিক চানডুবি বিল প্রাঙ্গণে সপ্তদশ চানডুবি উৎসবের সূচনা পর্ব হিসেবে লাইখুঁটা স্থাপন করা হল। বুধবার এক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর বা লাইখুঁটা স্থাপন করেন কামরূপের জেলাশাসক দেবকুমার মিশ্র। রাভা জনগোষ্ঠীর চিরাচরিত লোক-পরম্পরা মেনে এই কর্মসূচি সম্পন্ন হয়। আগামী ১ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে।

লাইখুঁটা স্থাপন অনুষ্ঠানে জেলাশাসক দেবকুমার মিশ্র জানান, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার জন্য চানডুবিতে সমস্ত রকমের প্রাকৃতিক উপাদান মজুত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ বজায় রাখা হয়েছে। গুয়াহাটির অত্যন্ত কাছে অবস্থিত এই পর্যটন ক্ষেত্রের প্রচারে স্থানীয় রাভা সংগঠনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চানডুবি বিলের জলস্তর হ্রাস ও অন্যান্য পরিবেশগত সংকট মোকাবিলায় প্রশাসনের উদ্যোগের কথা জানান জেলাশাসক। তিনি বলেন, বিলটির প্রাকৃতিক ভারসাম্য ও স্বকীয়তা বজায় রাখতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উৎসব উদযাপন কমিটির সম্পাদক সত্যজিৎ রাভা অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং উপস্থিত ছিলেন সভাপতি প্রাঞ্জল রাভা। এছাড়া বর্দোয়ার ভোলাগাঁও আঞ্চলিক রাভা ছাত্র সংস্থা, ষষ্ঠ তফসিল দাবি সমিতি ও রাভা মহিলা পরিষদ সহ স্থানীয় সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাভা শিল্পীদের পরিবেশিত ঐতিহ্যবাহী বগেজারী নৃত্য প্রদর্শিত হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হল এলাকার প্রকৃতি সংরক্ষণ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনজাতির খাদ্যাভ্যাস, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে চানডুবিকে রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।