শিবসাগর, ২০ নভেম্বর: মরানের জজলিতে অনুষ্ঠিত এক অধিবেশনে ‘টাই ম’ নামে পৃথক জনগোষ্ঠী ও জনজাতিকরণের দাবি তোলার ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করল মহন-দেওধাই-বাইলুং সম্মিলন। সংগঠনের দাবি, এই উদ্যোগ সম্পর্কে তারা আগে থেকে জানত না এবং এর কোনও সমর্থনও তারা করে না।
শিবসাগরের ঐক্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সম্মিলনের সভাপতি মনোরঞ্জন বরুয়া ও সমন্বয়ক হেমজিৎ দেওধাই ফুকন বলেন, মহন দেওধাই বাইলুং বংশাবলী পরিষদের পৃথক পরিচয় ও জনজাতিকরণের দাবির পদক্ষেপ তাঁদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। সম্মিলন কোনও ভাবেই জাতিকে বিভক্ত করা বা নতুন জাতি গঠনের কাজের সঙ্গে যুক্ত নয় বলেও তাঁরা জানান।
সম্প্রতি মরানের জজলিতে হওয়া ওই অধিবেশনে ‘টাই ম’ নামে পৃথক জাতি ও জনজাতিকরণের দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছিল। সেখানে বিজেপি সাংসদ যোগেন মহনের অংশগ্রহণে বিষয়টি আরও জটিল হয়েছে বলে সম্মিলনের বক্তব্য।
সংগঠনের দাবি, ‘টাই ম’ নামের সংগঠনটি গঠিত হয়েছে ২০২৫ সালে। নতুন এই সংগঠনের নীতি, আদর্শ বা কর্মপদ্ধতি সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই। কেন তারা পৃথক পরিচয় চাইছে, তা-ও তাঁদের অজানা বলে জানান সম্মিলনের নেতারা। তাঁদের আশঙ্কা, সংখ্যায় কম হিসেবে চিহ্নিত হয়ে বেশি সরকারি ও সাংবিধানিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে।
সম্মিলনের পক্ষ থেকে ‘টাই ম’ সংগঠনকে আলাদা মঞ্চ গঠনের প্রয়োজন নেই বলে আবেদন জানানো হয়েছে। তাই ভাষায় ‘ম’ শব্দের অর্থ জ্ঞানী উল্লেখ করে সংগঠনটি সেই শব্দের মর্যাদা রাখছে কি না, সেই প্রশ্নও তোলেন তাঁরা।
সরকার মহন-দেওধাই-বাইলুং সম্প্রদায়কে কোনও সুবিধা দিতে চাইলে তা গ্রহণে আপত্তি নেই বলে জানালেও, জাতিকে দ্বিখণ্ডিত করে এমন কোনও প্রস্তাব বা তার ভিত্তিতে দেওয়া সুবিধা তাঁরা গ্রহণ করবেন না বলে স্পষ্ট করেছেন সম্মিলনের নেতারা। তাঁদের বক্তব্য, অমৃতের কলস দিলেও জাতিভাগকে সমর্থন করে কোনও সরকারি সুবিধা নেওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর সম্মতিতে ওই অধিবেশন হয়েছিল বলে প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ জরুরি হয়ে উঠেছে বলে মনে করছে সম্মিলন। নাজিরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাখ্যা দিলেও, পরিস্থিতির অবসানে মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য প্রয়োজন বলে দাবি তাঁদের। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি সংগঠনটি।
সাংবাদিক সম্মেলনে সম্মিলন ফের ‘টাই ম’ সংগঠনকে জাতিকে বিভক্ত করার মতো পদক্ষেপ থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।