শিলচর, ২১ নভেম্বর: অসমের কৃষকদের জন্য বরাদ্দ ২২ মেট্রিক টন ভর্তুকিযুক্ত সার বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। রাজ্যের বাইরে ওই সার পাঠানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শনিবার কাছাড় জেলায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সার বাজেয়াপ্ত করা হয়। সামাজিক মাধ্যমে বাজেয়াপ্ত সারের একটি ভিডিও প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, অসমের বাইরে সার পাঠানোর চেষ্টার সময়ই পুলিশ অভিযান চালায়।

তাঁর দাবি, বাজেয়াপ্ত প্রতিটি বস্তা অসমের কৃষকদের জন্য বরাদ্দ ছিল। কৃষকদের ভর্তুকিতে সরবরাহ করা সার খোলা বাজারে বা অন্যত্র পাঠানোর চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

কৃষকদের জন্য ভর্তুকিতে সরবরাহ করা সার খোলা বাজারে বা অন্যত্র পাঠানোর চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানের জন্য কাছাড় পুলিশকে প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ভর্তুকিযুক্ত সারের বেআইনি সরবরাহের চেষ্টায় জড়িতদের ওপর পুলিশ নজর রাখছিল।

এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও তথ্য দেননি। বাজেয়াপ্ত সার কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা-ও এখনও জানানো হয়নি।