ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ বলে উল্লেখ করে দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাহুল গান্ধীকে নিশানা করে কটাক্ষ করেছে বিজেপি।
হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ভারতের অর্থনৈতিক বিকাশের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ভারতে তুলনামূলক ভাবে সুদের হার কম থাকার জেরেই দেশটি ৭ শতাংশ জিডিপি বৃদ্ধির হার অর্জন করতে পেরেছে।
আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি ১৪ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ-সংক্রান্ত নীতির সমালোচনাও করেন তিনি। ট্রাম্পের দাবি, দেশের অর্থনৈতিক পরিসংখ্যান ভাল থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ায়। ইতিবাচক অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে সুদের হার কমানো উচিত বলেও তাঁর মত।
ট্রাম্পের মন্তব্যের পরে সমাজমাধ্যম এক্সে পোস্ট করে বিজেপি নেতা আশীষ সুদ বলেন, গোটা বিশ্ব ভারতের উন্নয়নকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের এই সাফল্যকে উপেক্ষা করে চলেছে বলে তাঁর অভিযোগ।
আশীষের মতে, ভারতের ৭ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ট্রাম্পের স্বীকৃতি দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা ও অর্থনৈতিক শক্তির প্রতিফলন।
২০২৫ সালের জুলাইয়ে অবশ্য ভারতের বাণিজ্যনীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমালোচনা করে ভারতীয় অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেছিলেন ট্রাম্প। সে সময় ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথাও ঘোষণা করেছিলেন তিনি। সাম্প্রতিক মন্তব্যে অবশ্য ভারতের অর্থনৈতিক বিকাশের প্রশংসাই করলেন মার্কিন প্রেসিডেন্ট।