মৌলভীবাজার: ভারত-বাংলাদেশ সীমান্তের বড়লেখা এলাকায় ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে পাহাড়ি সীমান্ত দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার রাতে বড়লেখা এলাকার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে। সীমান্তে আবহাওয়া খারাপ থাকার সময় ওই ২০ জনের গতিবিধি নজরে আসে বিজিবির টহলদারি দলের। তার পরে প্রতিরোধমূলক অবস্থান নিয়ে তাঁদের বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়া হয় বলে বিজিবির দাবি।

বিজিবির দাবি অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ওই ২০ জন ভারতীয় দিকের নো-ম্যান্স ল্যান্ডে ছিলেন। তবে তাঁদের পরিচয়, নাগরিকত্ব বা কী পরিস্থিতিতে তাঁদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজান বলেন, খারাপ আবহাওয়া ও পাহাড়ি ভূপ্রকৃতির সুযোগ নিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। নিয়মিত টহলদারি দলের সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তাঁর দাবি।

ঘটনার পরে লাতু, পাল্লাথল এবং আশপাশের সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।