নতুন দিল্লি: দেশে স্থূলতা এবং দীর্ঘমেয়াদি রোগের সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন বলে সতর্ক করলেন চিকিৎসক ডাঃ অম্বরীশ মিথাল।

লখনউয়ে আয়োজিত ১৭তম ‘স্ক্রিন এক্সপ্রেসো’ অনুষ্ঠানে ম্যাক্স হেলথকেয়ার গোষ্ঠীর এন্ডোক্রিনোলজি ও ডায়াবিটোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ মিথাল জানান, শহরাঞ্চলে ডায়াবিটিসের হার প্রায় ২০ শতাংশে পৌঁছেছে। আগে শহরাঞ্চলে এই হার প্রায় ২ শতাংশ বলে ধরা হত।

তাঁর মতে, ডায়াবিটিস কেবল একটি সূচক। এর নেপথ্যে দেশে বেড়ে চলা স্থূলতা এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের আরও বড় সমস্যা রয়েছে। এক দিকে শিশুদের অপুষ্টি বজায় রয়েছে, অন্য দিকে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতা ও দীর্ঘমেয়াদি রোগের প্রবণতা বাড়ছে।

পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার এবং ফাস্ট ফুডের প্রতি বাড়তে থাকা নির্ভরতাকে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ডাঃ মিথাল। শুধু সৌন্দর্যের জন্য ‘সাইজ জিরো’ শরীর গড়ার অতিরিক্ত আকর্ষণও ক্ষতিকর হতে পারে বলে তাঁর সতর্কবার্তা।

স্থূলতার চিকিৎসায় জিএলপি-১ ওষুধকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বর্ণনা করলেও, এই ধরনের ওষুধ কেবল চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানেই ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, মহিলাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদযন্ত্র ও রক্তবাহী নালির রোগ। এর পরেই রয়েছে স্ট্রোক এবং ডায়রিয়াজনিত রোগ।

স্মৃতি বলেন, বিজ্ঞাপন ও জনপ্রিয় মাধ্যমে হৃদরোগের প্রসঙ্গে সাধারণত পুরুষের ছবিই দেখানো হয়। ফলে মহিলাদেরও হৃদরোগের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়নি।

আয়ুষ্মান প্রকল্পের অধীনে প্রায় ৯ কোটি মহিলার জরায়ুমুখের ক্যানসার এবং ১৬ কোটি মহিলার স্তন ক্যানসারের পরীক্ষা হয়েছে বলেও জানান তিনি। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির মহিলারাও নিজেদের স্বাস্থ্য ও পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হচ্ছেন বলে মন্তব্য করেন স্মৃতি। রজোনিবৃত্তি নিয়ে খোলাখুলি আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি। তাঁর মতে, বর্তমান প্রজন্ম এ বিষয়ে জানতে ও কথা বলতে আগ্রহী।