গুয়াহাটি, ১২ নভেম্বর: আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ক্যানসারের প্রতিষেধক বিশ্বজুড়ে উপলব্ধ হতে পারে বলে আশাপ্রকাশ করলেন বিশিষ্ট বিজ্ঞানী ডাঃ রুবুল মাউট। তাঁর মতে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ডাঃ মাউট জানান, প্রোটিন ডিজাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈবপ্রযুক্তির ব্যবহারে ক্যানসার চিকিৎসার নতুন পথ খুলছে। রোগীর শরীরের নির্দিষ্ট ক্যানসার কোষ চিহ্নিত করে ব্যক্তিগত ভাবে তৈরি প্রতিষেধকের মাধ্যমে লক্ষ্যভিত্তিক চিকিৎসার সম্ভাবনাও বাড়ছে।
এই পদ্ধতিতে রোগীর জিনগত বৈশিষ্ট্য এবং ক্যানসার কোষের গঠন বিশ্লেষণ করে চিকিৎসা তৈরি করা হবে। ফলে সুস্থ কলার উপর চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক ভাবে কমানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করছেন।
তাঁর কথায়, প্রোটিন ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন ওষুধ আবিষ্কারের গতি বাড়ানোর পাশাপাশি গবেষণার খরচ কমানোর কাজও চলছে।
বর্তমানে ক্যানসার চিকিৎসায় পেমব্রোলিজুম্যাব (কিট্রুডা) এবং নিভোলুম্যাবের মতো ইমিউনোথেরাপির ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধগুলি শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে ক্যানসার কোষের বিরুদ্ধে সক্রিয় করতে সাহায্য করে। নতুন গবেষণায় এই ধরনের চিকিৎসাকে আরও উন্নত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে উন্নত চিকিৎসাপদ্ধতি ও প্রতিষেধক ব্যাপক ভাবে চালু করতে আরও গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি দরকার বলে জানান ডাঃ মাউট। বর্তমানে সব ধরনের ক্যানসারের জন্য ব্যবহারযোগ্য কোনও সার্বজনীন প্রতিষেধক এখনও উপলব্ধ নয়।