আগরতলা, ৩ নভেম্বর:
ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়ি সীমান্ত চৌকির কাছে BSF জওয়ানদের উপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সোমবার এক ব্যক্তিকে চোরাচালানের সন্দেহে আটক করার পর এই ঘটনা ঘটে। এরপর একদল গ্রামবাসী BSF জওয়ানদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনায় অন্তত তিনজন BSF জওয়ান আহত হয়েছেন। উত্তেজিত জনতা BSF-এর একটি গাড়িও ভাঙচুর করে। জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কালামচৌড়া থানায় নিয়ে যাওয়া হয়।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।