নয়াদিল্লি, ২৩ নভেম্বর: হরিয়ানার হিসারে ভারতীয় সেনার সামরিক মহড়ার সময় ট্যাঙ্কের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই জওয়ানের। নিহতদের নাম নায়েক মনীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার।

জানা গিয়েছে, শনিবার প্রায় ৩২টি ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল। সেই সময় ঘন ধুলোর আস্তরণে ট্যাঙ্কচালকের সামনের দৃশ্য বাধাপ্রাপ্ত হয়। সামনে স্পষ্ট দেখা না যাওয়ায় ট্যাঙ্কটি এগিয়ে গিয়ে সামনে থাকা দুই জওয়ানের উপর দিয়ে চলে যায়।

দু’জনেই গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হিসার সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নায়েক মনীশ কুমারের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে। নায়েক অঙ্কুশ কুমার উত্তরপ্রদেশের বদায়ুঁয়ের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়ে সেনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিসার পুলিশ এই ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং কর্তব্যরত অবস্থায় দুই জওয়ানের মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।