ভগবান রাম ও শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্যের জেরে বাগেশ্বর ধামের পীঠাধীশ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে তীব্র আক্রমণ করলেন যোগগুরু বাবা রামদেব। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁকে ‘ভণ্ড’ ও ‘ধূর্ত’ বলে উল্লেখ করেন রামদেব।
“তাঁদের মতো কথকেরা বেদ, উপনিষদ, রামায়ণ ও মহাভারত অধ্যয়ন করেননি।”
রামদেবের দাবি, একাংশ মানুষ বেদ, দর্শন, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এমনকি সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও জানেন না। তা সত্ত্বেও ধর্ম ও সনাতন রক্ষার কথা বলে তাঁরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান।
ধর্মের নামে ভণ্ডামি ও প্রতারণা করা মানুষদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভূত-প্রেতের নামে মানুষকে ঠকানোর প্রবণতারও সমালোচনা করেছেন রামদেব।
রাম-কৃষ্ণের তুলনা ঘিরে বিতর্ক
সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা টেনে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছিলেন, রাম সোজা, কৃষ্ণের ভঙ্গি বাঁকা। তাঁর ওই মন্তব্য ঘিরে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ একাধিক রাজনৈতিক নেতা আপত্তি জানান।
পরে উত্তরপ্রদেশের কুণ্ডায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর রামকথার অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিধায়ক রাজা ভাইয়া। তিনি নিজে গাড়িতে করে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে প্রয়াগরাজ থেকে কুণ্ডায় নিয়ে যান।
এর পরে বৃন্দাবনে গিয়ে অখিলেশকে কৃষ্ণভক্ত হলে মথুরা-বৃন্দাবনে আসার আহ্বান জানান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এই বিতর্কের মধ্যেই এ বার তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন রামদেব।