নয়াদিল্লি, ২৩ নভেম্বর: দিল্লির দ্বারকা সেক্টর-১৩-এ নবনির্মিত অসম হাউসের উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। চিকিৎসা, শিক্ষা ও সরকারি কাজের জন্য রাজধানীতে যাওয়া অসমের মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ভবনটি তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি দিল্লিতে অসমের তৃতীয় ভবন। দ্বারকার সেক্টর-১৩-এর প্লট নম্বর ১০-এ অবস্থিত ভবনটির মোট নির্মিত এলাকা ২,৬১০ বর্গমিটার।

ভবনটিতে তিনটি বেসমেন্ট, একটি গ্রাউন্ড ফ্লোর এবং চারটি তলা রয়েছে। দিল্লিতে চিকিৎসার জন্য কয়েক দিন থাকতে হওয়া রোগী এবং পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, সর্দার পটেল মার্গে থাকা অসম ভবনের নবনির্মাণের কাজও চলছে। চলতি বছরেই সেই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

দ্বারকার সেক্টর-১৭-এ চতুর্থ অসম ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আগামী ফেব্রুয়ারি-মার্চ থেকে ওই কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। নতুন অসম হাউসের পাশেই কার্বি ভবন ও ডিমাসা ভবনের নির্মাণকাজও চলছে।

দ্বারকা থেকে নয়াদিল্লির বিভিন্ন সরকারি দফতরে যাতায়াতের সুবিধার জন্য অসম হাউস থেকে একটি বাস চালানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাসটি সকালে যাত্রীদের নিয়ে যাবে এবং সন্ধ্যা প্রায় ৬টায় ফিরবে।