৩ নভেম্বর: মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মঙ্গলবার গুয়াহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে বিজেপি অসম প্রদেশের রাজ্য কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সভাপতি দিলীপ শইকীয়ার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের পর্যালোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, অসম বিজেপির নবনিযুক্ত প্রভারি মঙ্গল পাণ্ডে, সহ-প্রভারী এস ফাংনন কন্যাক ও মনোজ টিম্বা এবং উত্তর-পূর্বের সহ-সমন্বয়ক রাজীব বব্বর।
বুথ ও তৃণমূল স্তরে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন এবং শিলচর পৌরনিগম নির্বাচনে বিজেপির জয়ের পর্যালোচনা করা হয়।
এদিন ভারতীয় জনতা যুব মোর্চা, অসম প্রদেশের রাজ্য কার্যনির্বাহী বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে যুব মোর্চার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন প্রজন্মের মধ্যে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং রাষ্ট্র গঠনে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, বিজেপি অসম প্রদেশের অনুসূচিত জনজাতি মোর্চার উদ্যোগে সভাপতি হবেন সিং বে-র সভাপতিত্বে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ক্যাবিনেট মন্ত্রী ডাঃ রণোজ পেগু, বিশ্বজিৎ দৈমারি এবং সাংসদ এস ফাংনন কন্যাক উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাধীনতা সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অবদান, জনজাতীয় সমাজের ভূমি ও অধিকার রক্ষার সংগ্রাম এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।