দক্ষিণ কামরূপের কয়েকটি চরাঞ্চলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে যৌথ অভিযান চালাল কামরূপ জেলা আবগারি দফতর ও পুলিশ। সোনতলি পুলিশ ফাঁড়ির অধীন একাধিক দুর্গম এলাকায় বিঘায় বিঘায় গাঁজা চাষ কেটে ঘটনাস্থলেই আগুন লাগিয়ে নষ্ট করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। আরিকাটি, বরঘোল এবং গরুরচর এলাকায় দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে গাঁজা চাষ চলছিল বলে জানা গিয়েছে।

কামরূপ জেলা আবগারি দফতর এবং সোনতলি পুলিশ ফাঁড়ির একটি বড় দল আচমকা ওই সব এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

অভিযোগ, কম পরিশ্রমে বেশি আয়ের আশায় এবং চোরাকারবারিদের প্ররোচনায় কিছু কৃষক প্রচলিত শাকসবজির চাষ ছেড়ে এই নিষিদ্ধ চাষে ঝুঁকছেন। চরাঞ্চলগুলিতে গাঁজা ব্যবসায়ীদের একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছে বলেও অভিযোগ।

অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহলের একাংশ। তবে প্রতি বছর চাষ নষ্ট করা হলেও এই বেআইনি চক্র কেন নির্মূল হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছে। এই চাষের নেপথ্যে থাকা মূল কারবারি এবং যুক্ত কৃষকদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করা হয়, এখন সেটিই দেখার।