নয়াদিল্লি: বিশ্ববরেণ্য শিল্পী ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপমে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান উপলক্ষে মুম্বইয়ে অসমের পাশাপাশি দেশের বেশ কয়েক জন বিশিষ্ট শিল্পী এবং নবপ্রজন্মের গায়ক-গায়িকাদের সঙ্গে সাক্ষাৎ করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা। তিনি অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়াও দেখেন এবং শিল্পীদের সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলেন।

মহড়ায় উপস্থিত ছিলেন বলিউডে প্রতিষ্ঠিত অসমের সন্তান অনুরাগ শইকীয়া, রূপম ভূঞা, আচুর্য বরপাত্রগোঁহাই, ময়ূখ হাজারিকা, অনিন্দিতা পাল, ডিক্ষু, জুবলী, মৌচুমী চহরিয়া, নাহিদ আফ্রিন, মনোজ বরুয়া এবং রূপম তালুকদার। অনুরাগ শইকীয়ার পরিচালনায় অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

মহড়ায় বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় তিনি ভূপেন হাজারিকার সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা বলেন। তাঁর কথায়, ভূপেন হাজারিকা তাঁকে চার লাইন গান গাওয়ার সুযোগ দিয়ে বলিউডে কাজের সুযোগ করে দিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ‘বিমূর্ত মোর নিশাতি’ গানের হিন্দি সংস্করণ ‘গুমসুম’ পরিবেশন করবেন। ‘দমন’ ছবিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।