শিলচর, ২৬ নভেম্বর: বোরখা পরে পরিচয় গোপন করে এটিএম লুটের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আব্দুল আজিজ লস্কর।

মঙ্গলবার রাত প্রায় ২টা নাগাদ শিলচরের বিলপার এলাকায় ইন্দ্রপ্রস্থ হোটেলের কাছে থাকা এসবিআইয়ের একটি এটিএমে ঘটনাটি ঘটে। অভিযোগ, এটিএম ভেঙে টাকা বার করার উদ্দেশ্যে বোরখা পরে ভিতরে ঢুকেছিলেন আব্দুল।

এটিএম কাটার চেষ্টা চলার সময় নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। এর পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটিএম কাউন্টারের ভিতর থেকেই তাঁকে গ্রেফতার করে।

তাঁর সঙ্গে আসা অন্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে রাখা গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

অভিযানে একটি টাটা পাঞ্চ গাড়ি, একটি বহনযোগ্য জেনারেটর, কাটিং মেশিন, ড্রিল মেশিন, বোরখা, হাতমোজা, স্ক্রু ড্রাইভার, তার এবং আরও কয়েকটি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, এটিএম লুটের চেষ্টায় ওই সব সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতীম শইকিয়া জানিয়েছেন, গত দু’সপ্তাহ ধরে শিলচরের বিভিন্ন এলাকায় এটিএম লুটের চেষ্টার খবর পাচ্ছিল পুলিশ। পেশায় গ্রিল নির্মাণের কাজ করেন আব্দুল। ওয়েল্ডিং ও কাটিংয়ের কাজে তাঁর অভিজ্ঞতা রয়েছে। সেই দক্ষতা ব্যবহার করেই তিনি সহযোগীদের সঙ্গে এই চেষ্টা চালিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পলাতক সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।