উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আলোচনা চলছে। সমাজবাদী পার্টি কংগ্রেসকে ২৬টি বিধানসভা আসন দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, কংগ্রেস ১৩১টি আসন দাবি করেছে।

সমাজবাদী পার্টির প্রস্তাবে ২০২২ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের জেতা দু’টি এবং দ্বিতীয় হওয়া চারটি আসন রয়েছে। এ ছাড়াও প্রস্তাবে রয়েছে আরও ২০টি আসন।

প্রস্তাবিত আসনগুলির তালিকায় রয়েছে বাগপত, মোদীনগর, হাপুর, জেওয়ার, সিয়ানা, খুর্জা, খৈর, ইগলাস, মান্ট, আগ্রা উত্তর, ফতেহপুর সিক্রি, বিলগ্রাম-মল্লাঁও, গোবিন্দ নগর, নানপারা, গোরখপুর নগর, খজনি, পাদরৌনা, ফাজিলনগর, পিণ্ডরা এবং বারাণসী ক্যান্ট।

শুরুতে কংগ্রেস সমাজবাদী পার্টিকে ১৮১টি আসনের একটি তালিকা দিয়েছিল বলে জানা গিয়েছে। আগের নির্বাচনে কংগ্রেসের ফলের কথা মাথায় রেখে এতগুলি আসন ছাড়তে সমাজবাদী পার্টির আপত্তি রয়েছে। কংগ্রেসের দাবি করা বাকি আসনগুলিতে জয়ের সম্ভাবনা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য চেয়েছে তারা।

আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য সমাজবাদী পার্টির গড়া কমিটিতে রয়েছেন ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ, রামগোপাল যাদব, ইকরা চৌধুরী, রাজীব রায় এবং দলের রাজ্য সভাপতি শ্যামলাল পাল।

কংগ্রেসের তরফে আলোচনায় থাকবেন উত্তরপ্রদেশের এআইসিসি-দায়িত্বপ্রাপ্ত রাজেন্দ্র পাল গৌতম, রাজ্য সভাপতি আরাধনা মিশ্র, কার্যকরী সভাপতি ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধুরী।

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেস ৩৯৯টি আসনে লড়ে দু’টিতে জিতেছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। ২০১৭ সালে জোট বেঁধে লড়ে সমাজবাদী পার্টি ৫৪টি এবং কংগ্রেস সাতটি আসন পেয়েছিল। ২০২৭ সালের ভোটের জন্য আসন ভাগাভাগি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।