২৬ নভেম্বর: দাবিগুলি পূরণ না হলে ২৬ নভেম্বর থেকে অসমজুড়ে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যিক গাড়ি চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিল সদৌ অসম মোটর পরিবহণ সঙ্ঘ। গোলাঘাটে সঙ্ঘের জরুরি কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সঙ্ঘ রাজ্য সরকারকে দাবি পূরণের জন্য ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়ের মধ্যে সরকার ও সঙ্ঘের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে চাকা বন্ধ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।
গত ১৩ নভেম্বর কাজিরাঙার রঙ্গাজানে ভয়াবহ পথ দুর্ঘটনার পরে পরিবহণ দফতর যানবাহন আইন কার্যকর করতে কড়া পদক্ষেপ করেছে। সঙ্ঘের অভিযোগ, এর ফলে বাণিজ্যিক গাড়ির মালিকেরা সমস্যায় পড়ছেন।
সঙ্ঘের দাবিগুলির মধ্যে রয়েছে গতি নিয়ন্ত্রক যন্ত্র এবং গাড়ির অবস্থান নির্ণয়কারী যন্ত্র বসানো সংস্থাগুলিকে সরকারি অনুমোদন ও নিয়ন্ত্রণের আওতায় আনা। প্রতিটি জেলায় সরকার অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে গাড়ির ফিটনেস পরীক্ষা ও শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও চেয়েছে তারা।
ই-চালান সংক্রান্ত অভিযোগ মেটাতে উপযুক্ত ব্যবস্থা এবং পরিবহণ আপিল ট্রাইবুনাল গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পারমিট পুনর্নবীকরণের প্রক্রিয়া সহজ করা, বাড়তি কর ও ফি থেকে ছাড় এবং পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীবাহী গাড়ির ভাড়া সংশোধনের দাবিও রয়েছে।
সরকারি কর্মসূচিতে ব্যবহৃত গাড়ির বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়া এবং ২০ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের ক্ষেত্রে স্পষ্ট নীতি তৈরির দাবিও তুলেছে সঙ্ঘ।
চাকা বন্ধ হলে যাত্রীবাহী বাস, সিটি বাস, ট্যাক্সি, ম্যাজিক, অটোরিকশা এবং পণ্যবাহী গাড়ির চলাচল ব্যাহত হতে পারে। দৈনিক যাত্রী, ছাত্রছাত্রী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।