অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের বিভাগ-১-এর ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ৯ মার্চ ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি থাকা সত্ত্বেও ওই দিনই কয়েকটি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত এইচএসএলসি পরীক্ষার সূচি অনুযায়ী, মঙ্গলবার, ৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সঙ্গীত, নৃত্য, উড ক্রাফট এবং হোম সায়েন্সের পরীক্ষা হবে। একই দিনে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফাইন আর্ট ও গার্মেন্ট ডিজাইনিংয়ের পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

অন্য দিকে, পরিষদের মার্চ মাসের শিক্ষাবর্ষের দিনপঞ্জিতে ৯ মার্চকে স্পষ্ট ভাবে ‘ছুটি—ঈদ-উল-ফিতর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি নথিতে ছুটির কথা এবং অন্য নথিতে ওই দিন পরীক্ষার সূচি থাকায় পরস্পরবিরোধী অবস্থানের অভিযোগ উঠেছে।

বিভিন্ন মহল ৯ মার্চের পরীক্ষাগুলি অন্য দিনে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, ঈদ মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ওই দিন পরীক্ষা হলে ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করা হতে পারে।

এ বিষয়ে অসমের শিক্ষামন্ত্রী এবং অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে পরিষদ বা শিক্ষা দফতরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। পরীক্ষার সূচি বদলানো হবে কি না, তা-ও স্পষ্ট নয়।