গুয়াহাটি, ২৫ নভেম্বর: শিলচরের ডলুতে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২,০১৪ কোটি টাকার এই প্রকল্পটির ছাড়পত্র দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন বিমানবন্দরটি শুধু বরাক উপত্যকার নয়, প্রতিবেশী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রস্তাবিত বিমানবন্দরে ১২,৩৫১ বর্গমিটার আয়তনের টার্মিনাল ভবন এবং ২,৭০৫ মিটার লম্বা ও ৪৫ মিটার চওড়া রানওয়ে তৈরি হবে। ব্যস্ত সময়ে একসঙ্গে ৮০০ জন যাত্রীকে পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকবে বিমানবন্দরটির। এর মধ্যে ৪০০ জন আগত এবং ৪০০ জন প্রস্থানকারী যাত্রী থাকবেন। বছরে প্রায় ১০.১ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেদের অভ্যন্তরীণ তহবিল থেকে প্রকল্পটির সম্পূর্ণ খরচ বহন করবে। এর ফলে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মণিপুরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পর্যটনের পাশাপাশি ফল ও শাকসব্জির মতো দ্রুত নষ্ট হওয়া পণ্য বিমানপথে পরিবহণের সুবিধাও বাড়তে পারে।
একই বৈঠকে দেশে নির্মাণ ও পরিকাঠামো সংক্রান্ত যন্ত্রপাতির উৎপাদন বাড়াতে ১১,০০০ কোটি টাকার প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া কামরাজা বন্দরে দ্বিতীয় কন্টেনার টার্মিনাল নির্মাণে ৪,২৮৮.২৬ কোটি টাকার প্রকল্প এবং ডাক পরিষেবার আধুনিকীকরণে পোস্টাল অপারেশনস স্কিম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।