ভারত-বাংলাদেশ সীমান্তে নিখোঁজ হওয়া বিএসএফ কনস্টেবল কে. বেনুকে বাংলাদেশের আমলশিদ গ্রাম থেকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তাঁর উদ্ধারের খবরে স্বস্তি পেয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ ও জওয়ানের পরিবার।

কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন কনস্টেবল কে. বেনু এবং হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। রবিবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে চার-পাঁচ জন সন্দেহভাজন গরু পাচারকারীকে দেখতে পান তাঁরা।

বিএসএফ জওয়ানদের দেখে ওই সন্দেহভাজনদের বরাক নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। তাঁদের আটক করতে দুই জওয়ানও নদীতে ঝাঁপ দেন। জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে ভেসে যান কে. বেনু। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার ভোররাতে বিএসএফের কোম্পানি কমান্ডার পুলিশকে ঘটনাটি জানান। এর পরে প্রশাসন ও নিরাপত্তাবাহিনী জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করে। অভিযানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নদী পুলিশের দল মোতায়েন করা হয়েছিল।

পরে বিজিবির একটি দল আমলশিদ গ্রাম থেকে কে. বেনুকে উদ্ধার করে। তাঁকে বিজিবির আমলশিদ সীমান্ত চৌকির শিবিরে রাখা হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তাঁকে বিএসএফের হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।