নয়াদিল্লি, ২৫ নভেম্বর: বিশ্বের কোনও শক্তিশালী দেশ ভারতের উন্নতি চায় না বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর বক্তব্য, নিজেদের আধিপত্য বজায় রাখতে শক্তিশালী দেশগুলি অন্য দেশকে চাপে রাখতে চায়।

বুধবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে পঞ্চম পদ্মা ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন, শক্তিশালী দেশগুলি ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’ নীতিতে চলে। অর্থাৎ, যার শক্তি বেশি, সেই দেশই নিজের আধিপত্য বজায় রাখতে পারে। ভারত এগোলে এই আধিপত্য কমবে, কারণ ভারত সকলকে সাহায্য করতে চায় বলে তাঁর দাবি।

সংকটের সময় ভারত প্রতিবেশী দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়েছে, এমনকি যে দেশগুলি ভারতকে পছন্দ করে না, তাদের প্রতিও।

উদাহরণ হিসেবে মালদ্বীপের জলসঙ্কটের সময় ভারতের সাহায্য, অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা এবং পরিবেশজনিত সমস্যার সময় নেপালকে সাহায্যের কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশকেও ভারত সহায়তা করেছে বলে জানান ভাগবত। বন্যা ও ভূমিকম্পের সময় পাকিস্তানকেও সাহায্য দেওয়ার কথাও তিনি বলেন।

তাঁর মতে, শক্তির ব্যবহার দুর্বলদের সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্যই হওয়া উচিত। নতুন প্রজন্ম দাসত্বের মানসিকতা থেকে মুক্ত বলেও মন্তব্য করেন তিনি। যাঁরা সত্য কথা বলেন, যুবসমাজ তাঁদের পাশে দাঁড়াতে প্রস্তুত। যুবক-যুবতীরা মিথ্যা পছন্দ করে না এবং দেশকে মহান করে গড়ে তুলতে চায় বলে তাঁর দাবি।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে যুব প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁর মতে, এই লক্ষ্য পূরণের দায়িত্ব সকলের।