নতুন দিল্লি, ২৬ নভেম্বর: যেসব প্যাকেটজাত খাবারে বেশি চিনি, নুন অথবা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সেগুলির মোড়কের সামনেই স্পষ্ট সতর্কবার্তা দিতে হবে। খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, চিনি, নুন ও চর্বির জন্য পৃথক পৃথক সতর্কবার্তা থাকতে হবে। প্রতিটি সতর্কবার্তা লাল রঙের ষড়ভুজের মধ্যে দেখাতে হবে।

নির্ধারিত সীমার বেশি চিনি থাকলে ‘হাই সুগার’, নুন থাকলে ‘হাই সল্ট’ এবং স্যাচুরেটেড ফ্যাট থাকলে ‘হাই ফ্যাট’ লেখা বাধ্যতামূলক। প্যাকেটের সামনের দিকের উপরের বাঁ-দিকে এই চিহ্ন বসাতে হবে। সতর্কবার্তার অক্ষরের মাপ প্যাকেটের পিছনে থাকা পুষ্টিসংক্রান্ত তথ্যের অক্ষরের চেয়ে অন্তত এক পয়েন্ট বড় হতে হবে।

এর আগে খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষের প্রস্তাবে একটিমাত্র যৌথ সতর্কবার্তার কথা ছিল। দু’টি বা তার বেশি উপাদান নির্ধারিত সীমা ছাড়ালেই প্রথম পর্যায়ে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী, চিনি, নুন অথবা স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে যে কোনও একটির পরিমাণ নির্ধারিত সীমা পেরোলেই সংশ্লিষ্ট সতর্কবার্তা দিতে হবে।

আদালত জানিয়েছে, এই বিধি তৈরির প্রক্রিয়া ২০২২ সাল থেকে চলছে। কোম্পানিগুলিকে স্বেচ্ছায় বিধি মানার জন্য ৩৬৫ দিন সময় দেওয়ার প্রস্তাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেঞ্চ। জনস্বাস্থ্যের প্রশ্নকে বাণিজ্যিক স্বার্থের নীচে রাখা যায় না বলেও জানিয়েছে আদালত।

প্যাকেটজাত খাবারে আরও কঠোর পুষ্টিসংক্রান্ত সতর্কবার্তার দাবিতে একটি অলাভজনক সংস্থার আবেদনের শুনানিতেই এই নির্দেশ। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাস্থ্যের অধিকারের সঙ্গে এই বিষয়টির যোগ রয়েছে বলে উল্লেখ করেছে আদালত। অস্বাস্থ্যকর খাবার ও বিজ্ঞাপনের প্রভাবে বিশেষত শিশুদের ক্ষতির আশঙ্কাও তুলে ধরা হয়েছে।

স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ-সহ অসংক্রামক রোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত সংগঠনগুলির মতে, প্যাকেটের সামনে স্পষ্ট সতর্কবার্তা থাকলে ক্রেতারা খাবার বাছাইয়ের সময় আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।