প্রায় ২৬ বছর বন্ধ থাকার পরে ভারতীয় বাজারে ফেরার প্রস্তুতি নিচ্ছে কমলালেবুর স্বাদের শীতল পানীয় গোল্ড স্পট। কোকা-কোলা আগামী সপ্তাহ থেকেই ব্র্যান্ডটি ফের বাজারে আনতে পারে বলে জানা গিয়েছে।
এ বার কম চিনি এবং চিনি ছাড়া— দুই সংস্করণেই গোল্ড স্পট আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। স্বাস্থ্যসচেতন ক্রেতাদের মধ্যে তুলনামূলক কম চিনিযুক্ত পানীয়ের চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
১৯৫০-এর দশকে ভারতীয় বাজারে আসা গোল্ড স্পট এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। ব্র্যান্ডটির বিজ্ঞাপনী স্লোগান ছিল ‘দ্য জিং থিং’।
১৯৯৩ সালে পার্লে বিসলেরি থেকে গোল্ড স্পট, থামস আপ এবং লিমকা অধিগ্রহণ করে কোকা-কোলা। পরে নিজেদের ফ্যান্টা ব্র্যান্ডের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০০০ সালে গোল্ড স্পটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
কোকা-কোলার বার্ষিক বিক্রির ৬০ শতাংশ ডায়েট ও লাইট পানীয় থেকে আসে বলে জানা গিয়েছে। এ দিকে, ক্যাম্পা ও লাহোরি জিরার মতো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতাও বেড়েছে। সেই পরিস্থিতিতে পুরনো জনপ্রিয় ব্র্যান্ডটিকে নতুন রূপে ফিরিয়ে আনা কোকা-কোলার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পদক্ষেপ হতে পারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনী ও তাঁর স্ত্রী সাক্ষীকে গোল্ড স্পটের সঙ্গে দেখা যাওয়ার পরে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।