আলিগড়, ২৬ নভেম্বর, ২০২৬: অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড়ে একই পরিবারের ১২ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কোতওয়ালি ও রোরাওয়ার থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করানোর পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, ধৃতেরা বাংলাদেশের নাগরিক এবং অবৈধ ভাবে ভারতে ঢুকে ভুয়ো পরিচয় ব্যবহার করে বসবাস করছিলেন। বাজেয়াপ্ত নথিগুলির সত্যতা এবং তাঁরা কী ভাবে ভারতীয় পরিচয়পত্র পেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানে ১০টি আধার কার্ড, ২টি প্যান কার্ড, একটি ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ই-শ্রম কার্ড, ইপিএফও-র নথি, ব্যাঙ্কের পাসবই ও এটিএম কার্ড-সহ একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হয়েছে পাঁচটি মোবাইল ফোনও।

পুলিশের দাবি, মোবাইলগুলির কল ও বার্তার তথ্য থেকে বাংলাদেশে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। এক পুলিশ আধিকারিকের দাবি, আমিনা বেগম নামে এক মহিলা জেরায় স্বীকার করেছেন যে, তিনি ১৯৯২ সালে স্বামী ও পরিবারের সঙ্গে পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে ঢুকেছিলেন। ভুয়ো নাম ও ঠিকানা ব্যবহার করে সিম কার্ড এবং পরিচয়পত্র সংগ্রহের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আলিগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আদিত্য বঞ্চল জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পরিচয়পত্র ও ব্যাঙ্কের নথি তৈরিতে কোনও ব্যক্তি বা চক্র সাহায্য করেছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।