গুয়াহাটি, ২৭ নভেম্বর: লোকসভার সদস্যসংখ্যা ৮০০-র বেশি করার কেন্দ্রীয় সরকারের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা গৌরব গগৈ। তাঁর প্রশ্ন, সদস্যসংখ্যা বাড়লে দেশের মানুষের প্রতিনিধিত্ব আরও ভাল হবে কি না, সংসদীয় আলোচনা আরও ফলপ্রসূ হবে কি না এবং সরকারের জবাবদিহি বাড়বে কি না।

শুক্রবার এক্স-এ একটি পোস্টে গগৈ বলেন, শুধু লোকসভার আসন বাড়ালেই আইন প্রণয়নের ক্ষেত্রে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা ও সংবিধানের সুরক্ষা নিশ্চিত হবে, এমনটা বলা যায় না। তাঁর অভিযোগ, এই প্রস্তাবে জাতীয় স্বার্থের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আর একটি পোস্টে প্রস্তাবিত চার দিনের সংসদীয় অধিবেশন নিয়েও সমালোচনা করেন গগৈ। লোকসভা সচিবালয়ের প্রকাশ করা বুলেটিনের উল্লেখ করে তাঁর অভিযোগ, ওই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, শূন্যকাল এবং বেসরকারি সদস্যদের বিল থাকবে না।

ড. বি আর আম্বেদকরকে দেশ শ্রদ্ধা জানানোর এক দিন পর লোকসভা সচিবালয়ের বুলেটিন প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন গগৈ। সংসদের ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, “সংসদ কি মোদী-শাহের?”

লোকসভার আসন বৃদ্ধি এবং সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই গগৈয়ের এই মন্তব্য সামনে এল।