নয়াদিল্লি, ২৭ নভেম্বর: আসন পুনর্বিন্যাস নিয়ে সংসদে সংবিধান সংশোধনী বিল ফের আনার সম্ভাবনার মধ্যেই অভিন্ন কৌশল গড়ে তুলতে উদ্যোগী কংগ্রেস। শনিবারের বৈঠকে ইন্ডিয়া জোটের বাইরের বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।

সূত্রের খবর, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে নয়াদিল্লির ১০, রাজাজী মার্গে খাড়্গের বাসভবনে বৈঠকটি হবে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সংসদীয় নেতাদের পাশাপাশি জোটের বাইরের বিরোধী দলের নেতাদেরও ডাকা হয়েছে। আমন্ত্রিত দলগুলির মধ্যে রয়েছে ডিএমকে, আম আদমি পার্টি এবং বিজু জনতা দল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, শনিবার সকালের বৈঠকে বিরোধী দলগুলি সংসদে তাদের কৌশল নির্ধারণ করবে। তাঁর কথায়, শুধু ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব বিরোধী দলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে।

৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন বসবে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা আগেভাগে কার্যকর করতে আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল ফের আনা হতে পারে। সূত্রের খবর, ৩০ নভেম্বর লোকসভার এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন ফের শুরু হবে। সরকারি কাজের প্রয়োজন অনুযায়ী ৩ ডিসেম্বর দুই সদনের অধিবেশন শেষ হবে।

এ দিকে, ডিএমকে সভাপতি তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। শুক্রবার তিনি বলেন, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসনের অংশীদারিত্ব কোনও ভাবেই কমানো চলবে না।

১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে স্থির হওয়া সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত আরও ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবিও তুলেছেন স্ট্যালিন। তামিলনাড়ুর স্বার্থ ও দলের নীতির প্রশ্নে কোনও আপস হবে না বলেও তিনি জানিয়েছেন।

বিশেষ অধিবেশন ঘিরে কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেসও। দলের বক্তব্য, অধিবেশনের মূল উদ্দেশ্য মহিলা সংরক্ষণ নয়, আসন পুনর্বিন্যাসের প্রস্তাব আনা। এই পদক্ষেপের বিরোধিতা করবে কংগ্রেস।