শ্রীশৈলম: লক্ষ্মীপূজার নামে ধনসম্পত্তি ও সমৃদ্ধির প্রলোভন দেখিয়ে তরুণী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে অন্ধ্রপ্রদেশের এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতাদের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার শ্রীশৈলম থেকে ৪৭ বছরের কাম্মারা কৃষ্ণমাচারীকে গ্রেফতার করা হয়। তিনি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার আকাটোটাপল্লীর মহাকালী মন্দিরের পুরোহিত। কর্নাটকের বল্লারীর এপিএমসি থানার এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত একটি আন্তঃরাজ্য চক্রের নেতৃত্ব দিতেন। আর্থিক ভাবে দুর্বল ও সামাজিক ভাবে অসুরক্ষিত পরিবারগুলিকেই নিশানা করত ওই চক্র। বিশেষ লক্ষ্মীপূজার আয়োজন করলে পরিবারে বিপুল ধনসম্পত্তি আসবে বলে প্রলোভন দেওয়া হত বলে অভিযোগ।

পূজায় কেবল অবিবাহিত এবং শরীরে তিল নেই এমন তরুণীরাই অংশ নিতে পারবেন বলে বলা হত। চক্রের সদস্যেরা অবিবাহিত তরুণীদের উচ্চতা, শরীরের দাগ-চিহ্ন ও অন্য শারীরিক বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করতেন বলেও তদন্তে উঠে এসেছে। তাঁদের ডান হাত ও ডান পায়ের আলাদা ছবিও চাওয়া হত।

অভিযোগ, পূজার অজুহাতে তরুণী ও কিশোরীদের যৌন নির্যাতন করা হত এবং অশ্লীল ভিডিও রেকর্ড করা হত। পরে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের ব্ল্যাকমেল করা হত। ১৫ জনের বেশি তরুণী ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পুলিশের।

নির্যাতিতাদের একাংশকে বেঙ্গালুরু, অনন্তপুর এবং বিজয়পুরের বিভিন্ন জায়গায় দেহব্যবসায় নামতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ। চক্রটিকে ধরতে আক্কা ফোর্সের মহিলা পুলিশকর্মীরা প্রায় দু’মাস গোপন অভিযান চালান। সাধারণ মানুষের পরিচয়ে চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের গতিবিধির উপর নজর রাখার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এই মামলায় এর আগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। চক্রের অন্য সদস্যদের ভূমিকা, নির্যাতিতার সংখ্যা এবং অশ্লীল ভিডিও রেকর্ড ও ব্ল্যাকমেলের অভিযোগ নিয়ে তদন্ত চলছে।