পাঠানকোট, ২৭ নভেম্বর: ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর গাড়ির চলাচলের উপর গোপনে নজরদারি চালিয়ে সেই তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে পঞ্জাবের পাঠানকোটে বলজিৎ সিং ওরফে বিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাঠানকোটের চক ধারিওয়াল গ্রামের বাসিন্দা।
পুলিশের অভিযোগ, পাঠানকোট-জম্মু জাতীয় সড়ক নম্বর ৪৪-এর ধারে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন বলজিৎ। ওই ক্যামেরার মাধ্যমে সেনা ও আধাসামরিক বাহিনীর যানবাহনের গতিবিধির উপর নজর রাখা হত।
পুলিশ জানিয়েছে, ক্যামেরায় ধরা পড়া দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে পাকিস্তান এবং বিদেশে থাকা সন্দেহভাজন কয়েক জনের কাছে পাঠানো হত। জেরায় বলজিৎ স্বীকার করেছেন যে, জানুয়ারিতে সুজানপুরের কাছে জাতীয় সড়কের ধারের ওই দোকানে ইন্টারনেট-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন।
এই কাজের জন্য দুবাইয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে তিনি ৪০ হাজার টাকা পেয়েছিলেন বলেও অভিযোগ। ধৃতের কাছ থেকে একটি সিসিটিভি ক্যামেরা এবং একটি ইন্টারনেট ওয়াই-ফাই রাউটার উদ্ধার করেছে পুলিশ।
সুজানপুর থানায় চার জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বলজিতের পাশাপাশি বিক্রমজিৎ সিং ওরফে বিক্কা, বলবিন্দর সিং ওরফে বিক্কি এবং তরনপ্রীৎ সিং ওরফে টন্নুর নামও অভিযুক্ত হিসেবে রয়েছে।
এই গুপ্তচরচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। টাকার লেনদেন, সীমান্ত-পারের যোগাযোগ এবং কত দিন ধরে সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলি এখনও তদন্তাধীন, আদালতে প্রমাণিত হয়নি।