নয়াদিল্লি, ২৭ নভেম্বর: ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কৌশল নির্ধারণে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি। ২৭ ও ২৮ নভেম্বর দিল্লির পুসা চত্বরে এই বৈঠক হওয়ার কথা।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিত থাকার কথা। এ ছাড়াও দলের প্রায় ১০৭ জন সর্বভারতীয় পদাধিকারী, রাজ্য সভাপতি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাংগঠনিক সম্পাদকের বৈঠকে যোগ দেওয়ার কথা।

২০২৭ সালের আসন্ন বিধানসভা নির্বাচনগুলির প্রস্তুতি ও নির্বাচনী রণকৌশল এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। নির্বাচনী চ্যালেঞ্জ, দলের সাংগঠনিক ভিত মজবুত করা এবং সংগঠনের কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

দু’দিনের বৈঠকে মোট পাঁচটি অধিবেশন হওয়ার কথা। ২৭ নভেম্বর বিকেল থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা। আসন্ন নির্বাচনগুলির প্রস্তুতিতে দলের পরবর্তী পদক্ষেপ ও অগ্রাধিকারও এই বৈঠকে নির্ধারণ করা হবে।