নয়াদিল্লি, ২৭ নভেম্বর: সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে যুক্ত মহিলা সংরক্ষণ বিলের নতুন খসড়ায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সেবা তীর্থে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে।

সূত্রের খবর, নতুন বিলে এমন কিছু সংশোধনের প্রস্তাব রয়েছে, যাতে সীমানা পুনর্নির্ধারণের পরে লোকসভায় রাজ্যগুলির বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব কমে না যায়। সীমানা পুনর্নির্ধারণের ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে আসন-বণ্টনের ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা দূর করাই এই ব্যবস্থার লক্ষ্য।

২০২৩ সালে সংসদে পাস হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়মে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তবে আইনটি কার্যকর করার প্রক্রিয়া জনগণনা ও সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে যুক্ত। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যেই নতুন বিলটি আনা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে সীমানা পুনর্নির্ধারণ ও মহিলা সংরক্ষণ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাস করাতে ব্যর্থ হয়েছিল সরকার। সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এ বার প্রয়োজনীয় সমর্থন মিলবে বলে সরকারের দাবি।

সূত্রের খবর, ডিএমকে, এনসিপি ও বিআরএস বিলটির পক্ষে সমর্থন জানাতে পারে। অন্য দিকে, বিরোধী ইন্ডিয়া জোট বিলটির বিরোধিতা করেছে। নিজেদের কৌশল ঠিক করতে বিরোধী দলগুলি শনিবার বৈঠকে বসার কথা।

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভার বৈঠক ৩০ নভেম্বর এবং রাজ্যসভার বৈঠক ২ ডিসেম্বর ফের শুরু হবে। সরকারি কাজের প্রয়োজন অনুযায়ী দুই কক্ষের বৈঠক ৩ ডিসেম্বর শেষ হতে পারে।