ডিগবইয়ের লাচিত নগরে জঞ্জালে ভরা একটি ফাঁকা জমিতে সাফাই অভিযান চালাল ডিগবই পুরসভা। পুরসভার উপ-পুরপ্রধান ডিম্পি সোনোয়ালের তৎপরতায় সকালে জেসিবি-সহ সাফাইকর্মীদের একটি দল সেখানে পৌঁছয়।
লাচিত নগরে ঢোকার রাস্তার ধারের ওই ফাঁকা জমিতে দীর্ঘদিন ধরে গোপনে আবর্জনা ফেলা হচ্ছিল বলে অভিযোগ। তার জেরে গোটা এলাকায় অসহনীয় পরিবেশ তৈরি হয়েছিল। জঞ্জালের পাশেই রয়েছে আর ডি জুনিয়র কলেজ, কলেজের ছাত্রাবাস এবং বেশ কয়েকটি বাড়ি। প্রতিদিন বহু পড়ুয়া, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দাকে দুর্গন্ধের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছিল।
ডিগবই পুরসভার সুপারভাইজার পোনা দাসের নেতৃত্বে সাফাইকর্মীরা জমিটি সম্পূর্ণ পরিষ্কার করেন। পরে সেখানে বাঁশের বেড়া ও গ্রিন স্ক্রিন বসিয়ে আবর্জনা না ফেলার বিজ্ঞপ্তিও টাঙানো হয়।
এর আগেও ওই স্থানে জঞ্জাল না ফেলার নির্দেশিকা লাগানো হয়েছিল। তা সত্ত্বেও কিছু লোক নির্দেশ অমান্য করে আবর্জনা ফেলছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। পুরসভার এই তৎপর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা।