নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের মামলায় কার্তিক দাস ওরফে পঙ্কু নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিল কাছারের বিশেষ আদালত। শুক্রবার বিশেষ বিচারক বিপ্রজিৎ রায় এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত কার্তিকের বর্তমান বয়স ২২ বছর। তিনি বদরপুর থানার মালুয়া জগন্নাথপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১৪ অক্টোবর, মহালয়ার দিন ভোররাতে। সে সময় নির্যাতিতার বয়স ছিল ১৬ বছর এবং কার্তিকের বয়স ছিল ১৯ বছর। নির্যাতিতার বাড়ি কাটিগড়া থানা এলাকায়।

মহালয়ার দিন বাড়ি থেকে বেরোনোর পর নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জানতে পারেন, অভিযুক্ত তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছেন। এর পরে কাটিগড়া থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ঘটনার তিন দিন পরে কার্তিকের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে। উদ্ধারের পরে নির্যাতিতা অভিযোগ করেন, তাঁকে প্রথমে অভিযুক্তের এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছিল। পরে কার্তিকের বাড়ির একটি ঘরে আটকে রেখে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে ধর্ষণ করা হয়।

বিচারপ্রক্রিয়া শেষে পকসো আইনের ৪ ধারায় কার্তিককে ১০ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় তাঁকে আরও ৩ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে, দুই সাজা একসঙ্গেই কার্যকর হবে। রায়ের পরে কার্তিককে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।