গুয়াহাটি, ২৭ নভেম্বর: গুয়াহাটি কমার্স কলেজের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা খতিয়ে দেখতে বৃহস্পতিবার মহাবিদ্যালয় পরিদর্শনে গেলেন নিউ গুয়াহাটি সমষ্টির বিধায়ক দিপ্লুরঞ্জন শর্মা। সেখানে পৌঁছে তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র একতা সভার প্রতিনিধি ও সাধারণ পড়ুয়াদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ ডঃ বিপুল দাস বিধায়ককে সংবর্ধনা জানান। এই বৈঠকে মূলত দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে থাকা ডঃ বিরিঞ্চি কুমার বরুয়া গ্রন্থাগারের পুনর্নির্মাণ, খেলার মাঠের সংস্কার, প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা, ছাত্রাবাস পুনর্নির্মাণ, প্রেক্ষাগৃহের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ক্লাসরুম তৈরির বিষয়গুলি গুরুত্ব পায়।
সমস্যার কথা শুনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিধায়ক দিপ্লুরঞ্জন শর্মা। যুবসমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে এবং উন্নত ভারতের লক্ষ্যে মেধা পাচারের মতো ঘটনাও এখন হ্রাস পাচ্ছে। তিনি আরও আশ্বাস দেন, কলেজের সমস্যাগুলির বিষয়ে তিনি দ্রুত অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এর পর বিধায়ক জলমগ্ন ডঃ বিরিঞ্চি কুমার বরুয়া গ্রন্থাগারটি ঘুরে দেখেন এবং দীর্ঘদিনের এই দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি নির্মীয়মাণ ছাত্রীনিবাসটির কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি রঞ্জন বরুয়া, জিসিএমএস-এর অধিকর্তা গুণমণি গগৈ, গ্রন্থাগারিক ডঃ উৎপল শর্মা এবং ভারতীয় জনতা দলের গুয়াহাটি মহানগরের সাধারণ সম্পাদক চিন্ময় শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরিদর্শনের শেষে বিধায়ক কলেজের শিক্ষক দলের সঙ্গে পৃথক বৈঠক করেন। অধ্যক্ষ ডঃ বিপুল দাস আশা প্রকাশ করে জানান, বিধায়কের এই উদ্যোগে মহাবিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলি অচিরেই দূর হবে।