নতুন দিল্লি, ২৮ নভেম্বর: পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের অঞ্চলগুলিতে আসন পুনর্বিন্যাসের ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬-এ। তবে পাকিস্তানের দখলে থাকা ওই অঞ্চল দখলমুক্ত হলেই এই ব্যবস্থা কার্যকর হবে বলে বিধেয়কে উল্লেখ করা হয়েছে।
সোমবার লোকসভায় উত্থাপনের জন্য তালিকাভুক্ত বিধেয়কটির ৩(৪) ধারায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চল পাকিস্তানের দখলমুক্ত হলে সেখানে জম্মু-কাশ্মীর বিধানসভার আসন পুনর্বিন্যাসের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই পুনর্বিন্যাস কমিশন হিসেবে কাজ করবে। বিধেয়কে অঞ্চলটিকে ‘পাকিস্তানের দখলে থাকা ভূখণ্ড’ বলা হলেও ‘পিওকে’ শব্দটি ব্যবহার করা হয়নি।
জম্মু-কাশ্মীরের বাকি আসনগুলির পুনর্বিন্যাসের জন্য পৃথক কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে। সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে ওই কমিশনের সভাপতি করার কথা বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার অথবা এক নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনারকে কমিশনের সদস্য করার প্রস্তাব রয়েছে।
তবে পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের জন্য সংরক্ষিত ২৪টি বিধানসভা আসনের ক্ষেত্রে এই ব্যবস্থা কী ভাবে প্রযোজ্য হবে, তা বিধেয়কে স্পষ্ট করা হয়নি। প্রস্তাবিত ৫০ শতাংশ আসন বৃদ্ধির ব্যবস্থা ওই ২৪টি আসনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না, সে বিষয়েও কোনও ব্যাখ্যা নেই। ওই অঞ্চলের লোকসভা আসন পুনর্বিন্যাসের কথাও বিধেয়কে উল্লেখ করা হয়নি।
এর পাশাপাশি ইউনিয়ন টেরিটরিজ লজ় (অ্যামেন্ডমেন্ট) সেকেন্ড বিল, ২০২৬ উত্থাপনের প্রস্তুতিও নিচ্ছে কেন্দ্র। দিল্লি, জম্মু-কাশ্মীর ও পুডুচেরির প্রশাসনিক আইনগুলিকে প্রস্তাবিত ১৩২তম সংবিধান সংশোধনী বিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই এই বিলের লক্ষ্য।
প্রস্তাবিত সংবিধান সংশোধনীর উদ্দেশ্য, নতুন আসন পুনর্বিন্যাসের পরে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করা। এর সঙ্গে আসনের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও যুক্ত রয়েছে। এপ্রিলে একই ধরনের বিল উত্থাপন করা হলেও লোকসভায় প্রয়োজনীয় সমর্থন না মেলায় তা পাশ হয়নি। পুরনো বিলগুলি প্রত্যাহার করে এ বার নতুন সংস্করণ উত্থাপনের পরিকল্পনা করেছে কেন্দ্র।