ভূপেন হাজারিকার গান মানুষকে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়, আর জুবিন গর্গের গান তরুণদের নতুন শক্তি ও উদ্যমে ভরিয়ে তোলে— এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তাঁর কথায়, ভূপেন হাজারিকা অসমের মানুষ হলেও তাঁর ভাবনা ও শিল্পদৃষ্টি ছিল সমগ্র মানবজাতিকে ঘিরে। ব্রহ্মপুত্রকে সঙ্গে নিয়েই তাঁর সৃষ্টির পথচলা শুরু হয়েছিল, কিন্তু তাঁর গানের বার্তা গঙ্গা থেকে মিসিসিপি পর্যন্ত পৌঁছেছিল।
ভূপেন হাজারিকার গান আমি শুনি অনুপ্রেরণার জন্য, আর জুবিন গর্গের গান শুনি নতুন শক্তি পাওয়ার জন্য।
মুখ্যমন্ত্রী বলেন, হাজারিকার প্রতিটি গানের নির্দিষ্ট প্রেক্ষাপট ও উদ্দেশ্য ছিল। শুধু জনপ্রিয় হওয়ার জন্য তিনি গান লেখেননি, সমাজ এবং মানবতা নিয়ে প্রশ্ন তুলতেই সঙ্গীতকে ব্যবহার করেছিলেন।
জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও বিষ্ণুপ্রসাদ রাভার মতো শিল্পীরা মূলত অসমের মধ্যেই পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন হিমন্ত। তাঁর মতে, ভূপেন হাজারিকা সেই সীমা ভেঙেছিলেন। অসমের মাটি ও সংস্কৃতির নির্যাস সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিজের অসমিয়া গান হিন্দিতেও রূপান্তর করেছিলেন।
মুম্বইয়ে সাম্প্রতিক এক আলাপচারিতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি তাঁকে জানিয়েছিলেন যে, ভূপেন হাজারিকা তাঁকে একটি গান শিখিয়েছিলেন।
অসম আন্দোলনের সময়ের একটি স্মৃতি ভাগ করে হিমন্ত বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ে তিনি ভূপেন হাজারিকার সঙ্গে গুয়াহাটি থেকে ডিফু পর্যন্ত একটি ম্যাটাডরে গিয়েছিলেন। প্রায় আট ঘণ্টার সেই সফরে হাজারিকা ভোট বয়কটের আবেদন জানাতে ডিফু গিয়েছিলেন। পরে সেখানে সব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচন হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজনের প্রসঙ্গও তোলেন তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান হিমন্ত। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দেন এবং সেখানে দু’ঘণ্টা থাকার কথাও বলেন।
জুবিন গর্গের গান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর গান তরুণদের মনে করিয়ে দেয় যে, তাঁদের এখনও অনেক কিছু অর্জন করার আছে। এই সঙ্গীত তরুণ প্রজন্মের মধ্যে সতেজতা ও উৎসাহ এনে দেয়।