ডংকামোকাম, ২৮ নভেম্বর: পাঁচ বছরের এক শিশুর পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করাতে সম্মত হলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপি বিধায়ক হাবে টেরন এবং অভিযোগকারী মহিলা। পরীক্ষায় শিশুটি তাঁর সন্তান বলে প্রমাণিত হলে তার সমস্ত দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হাবে টেরন।
শনিবার ডংকামোকামের কার্বি ঐতিহ্যবাহী ভবন ‘কার্বি হেমতুন’-এ বৈঠকের পরে মহিলা এবং উপস্থিত জনতার সামনে ওই প্রতিশ্রুতি দেন তিনি।
গত ২৪ নভেম্বর এক সাংবাদিক বৈঠকে কাবান কিলিংপি হাবে টেরনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, কোভিডের সময়ে চিকিৎসা করানোর সময় হাবে টেরনের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
কাবানের অভিযোগ, তাঁর পাঁচ বছরের পুত্রসন্তানের বাবা হাবে টেরন। গুয়াহাটিতে ভাড়াবাড়ির ব্যবস্থা করে দেওয়ার পরে তাঁকে সেই বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও তাঁর দাবি। হাবে টেরনের সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। শিশুটির পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার দাবিও জানিয়েছিলেন কাবান।
এর আগে কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা বিজেপি নেতা তুলিরাম রংহাং অভিযোগগুলি খারিজ করে সেগুলিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছিলেন। তাঁর দাবি ছিল, অভিযোগের কোনও প্রমাণ নেই এবং বিষয়টি আদালতে বিচারাধীন।
ডিএনএ পরীক্ষা কবে হবে, নমুনা কী ভাবে সংগ্রহ করা হবে এবং রিপোর্ট কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।