সোনাপুর, ২৮ নভেম্বর: প্রয়াত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে শনিবার সোনাপুরের জুবিন ক্ষেত্রে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। জুবিন গর্গ ন্যায় সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মানবশৃঙ্খল গড়ে বিক্ষোভ দেখান অংশগ্রহণকারীরা।

অখিলের অভিযোগ, শিল্পীর মৃত্যুর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ন্যায়বিচার মেলেনি। তাঁর দাবি, ঘটনায় জড়িত একাধিক অভিযুক্ত জেল থেকে মুক্তি পাওয়ার পরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

মূল অভিযুক্তকে কোনও কারণেই জামিন দেওয়া উচিত নয়।

বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনাকে হত্যা বলে উল্লেখ করেছিলেন বলেও জানান অখিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এক জন ব্যক্তি চার জনের সহযোগিতায় ঘটনাটি ঘটিয়েছিলেন। অখিলের বক্তব্য, তদন্ত ও ন্যায়বিচারের প্রক্রিয়া নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি।

জুবিন গর্গের মৃত্যু মামলায় মূল অভিযুক্তের জামিনের আবেদনের চূড়ান্ত শুনানি ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে হওয়ার কথা। তার আগে অসম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে জামিনের আবেদন খারিজ নিশ্চিত করার আর্জি জানিয়েছেন অখিল।

মানবশৃঙ্খলে অংশগ্রহণকারীরাও মামলার বিচারপ্রক্রিয়া সঠিক ভাবে এগোনোর দাবি তুলেছেন। ৩০ নভেম্বরের শুনানির দিকেই এখন নজর রয়েছে।