রাংগাপানি: দক্ষিণ কামরূপের ছমরিয়া খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের অধীন রাংগাপানির ইসমাইল হুসেইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চার দিনের বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম বিদ্যালয় সপ্তাহের সফল সমাপ্তি হল।

বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, সাহিত্য, সাংস্কৃতিক ও বৌদ্ধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গান, কবিতা আবৃত্তি, কোরান পাঠ, গজল, জিকির-জারি, কুইজ, বিতর্ক ও ভেশচন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে একটি দেয়াল পত্রিকার উন্মোচন করা হয়। ওই দিন দুপুর ১টায় ‘বাল্যবিবাহ ও তার ভয়াবহ পরিণতি’ শীর্ষক সচেতনতামূলক আলোচনাচক্রও হয়। সেখানে কামরূপ জেলার শিশু সুরক্ষা আধিকারিক মুনমুন শাদনিধার নেওগ, সোনতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহমেদ এবং অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাল্যবিবাহের কুপ্রভাব ও তার ভয়াবহ পরিণতি নিয়ে বক্তব্য রাখেন।

বিদ্যালয় সপ্তাহের শেষ দিনে দিনভর বিভিন্ন কর্মসূচির পরে বিকেলে পুরস্কার বিতরণী সভা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হজরত আলির নেতৃত্বে এবং সহকারী শিক্ষক নজরুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জিন্নাহ রবিউল হক, সহ-সভাপতি মির্জা রবিউল হাসান, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেষে ছাত্রছাত্রীদের পরিবেশিত গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনের বিদ্যালয় সপ্তাহের সমাপ্তি হয়।