রাজা রঘুবংশী খুনের মামলায় সোনম রঘুবংশী এবং আরও দুই অভিযুক্তকে অস্ত্র আইনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সরকারের দায়ের করা ফৌজদারি পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে সোনম-সহ তিন অভিযুক্তকে নোটিস দিয়েছে হাইকোর্ট।

২৬ নভেম্বর, ২০২৬-এ বিচারপতি বিশ্বদীপ ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হয়। ১ জুলাইয়ের নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছে রাজ্য সরকার। ওই নির্দেশেই সোনম এবং দুই সহ-অভিযুক্তকে অস্ত্র আইনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

রাজ্য সরকারের পক্ষে আদালতে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল অমিত কুমার। তাঁকে সাহায্য করেন সরকারি আইনজীবী এ এস পাণ্ডে।

ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন দায়েরে ৪২ দিনের বিলম্ব মকুবের আবেদনও জানায় সরকার। এর পরে হাইকোর্ট তিন অভিযুক্তকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, দু’দিনের মধ্যে অভিযুক্তদের কাছে নোটিস পাঠানোর প্রক্রিয়া শেষ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৫ জুন মধ্যপ্রদেশের ইন্দোরে দেশীয় ভাবে তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দু’টি তাজা কার্তুজ উদ্ধারের পরে খুনের মামলায় অস্ত্র আইনের অভিযোগ যোগ করা হয়। তার আগে, ২০২৫ সালের ২ জুন মেঘালয়ের ওয়েই সাওডং-এর কাছে একটি গভীর খাদ থেকে রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়েছিল। ৯ জুন অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

তদন্তের অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর প্রথম চার্জশিট জমা পড়ে। পরে ২৮ অক্টোবর ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অভিযোগ গঠন হয়। ২০২৬ সালের ২০ জানুয়ারি জমা পড়া সম্পূরক চার্জশিটে অস্ত্র উদ্ধারের সঙ্গে যুক্ত অস্ত্র আইনের অভিযোগগুলি যোগ করা হয়। খুনের মূল বিচারপ্রক্রিয়ার পাশাপাশি অস্ত্র আইনের অভিযোগ থেকে অব্যাহতির নির্দেশের বিরুদ্ধে সরকারের আবেদনটি পৃথক আইনি প্রক্রিয়া হিসেবে চলছে। আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।